যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে ৩১ শতাংশে নেমে এসেছে, যা তার দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন।
জ্বালানির উচ্চমূল্য ও অর্থনীতি নিয়ে অসন্তোষের মধ্যে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে ভোটাররা রিপাবলিকান পার্টির সমর্থন উল্লেখযোগ্য হারে কমতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে।
সোমবার শেষ হওয়া চার দিনের এ জরিপে দেখা গেছে, ট্রাম্পের দায়িত্ব পালনের প্রতি সমর্থন দুই সপ্তাহ আগের তুলনায় এক শতাংশীয় পয়েন্ট কমেছে।
কংগ্রেস নির্বাচনে আজ ভোট হলে কোন দলকে ভোট দেবেন, এমন প্রশ্নে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্রেটিক পার্টি এবং ৩৫ শতাংশ রিপাবলিকান পার্টিকে বেছে নিয়েছেন। দুই দলের মধ্যে ১২ শতাংশীয় পয়েন্টের ব্যবধান চলতি নির্বাচনে ডেমোক্র্যাটদের সবচেয়ে বড় ব্যবধান। এর আগে দুই সপ্তাহ আগের জরিপে ডেমোক্র্যাটরা ৪৪ শতাংশ এবং রিপাবলিকানরা ৩৭ শতাংশ সমর্থন পেয়েছিল।
এ ব্যবধানের ফলে প্রতিনিধি পরিষদ ও সিনেট, কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার বিষয়ে ডেমোক্র্যাটদের আশাবাদ বাড়তে পারে। অন্যদিকে, রিপাবলিকানরা যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরের কর্মসূচি বাস্তবায়ন জটিল হয়ে উঠতে পারে।
জরিপে দেখা গেছে, রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন কমার পেছনে নারী ভোটারদের অবস্থানের পরিবর্তন বড় ভূমিকা রেখেছে। নারী ভোটারদের ৫০ শতাংশ ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন, যেখানে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে রয়েছেন ৩২ শতাংশ। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও ব্যবধান তুলনামূলক কম।
জাতীয় পর্যায়ে পরিচালিত এ ধরনের জরিপে কংগ্রেসের নিয়ন্ত্রণে কোন দলকে দেখতে চান, সে বিষয়ে ভোটারদের সামগ্রিক মনোভাব বোঝা যায়। তবে সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ অঙ্গ ও নির্বাচনী এলাকাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার সব দিক এতে প্রতিফলিত হয় না। এসব নির্বাচনী লড়াইয়ে রিপাবলিকানদের কিছু কাঠামোগত সুবিধা রয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার নির্দেশ দেওয়ার পর থেকে ট্রাম্পের জনপ্রিয়তায় চাপ তৈরি হয়েছে। ওই যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বেড়ে যায়।
অর্থনীতি সামলানোর ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার প্রতি অসন্তোষ জানিয়েছেন জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ মার্কিন নাগরিক। তাদের মধ্যে স্বঘোষিত রিপাবলিকানদের ৩৭ শতাংশও ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনায় অসন্তুষ্ট। অর্থনীতি পরিচালনায় কোন দলকে বেশি উপযুক্ত মনে করেন, এমন প্রশ্নে ৪০ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৩ শতাংশ রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন।
অনলাইনে পরিচালিত এ জরিপে যুক্তরাষ্ট্রের মোট ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৭৯ জন।


