প্রাবোও’র ক্ষমতার দুই বছর পূর্তি/ জাকার্তায় সাড়ে ৯ হাজার পুলিশ মোতায়েন

জাকার্তায় সাড়ে ৯ হাজার পুলিশ মোতায়েন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতার দুই বছর পূর্তি উপলক্ষে বিক্ষোভের আশঙ্কায় রাজধানী জাকার্তায় সাড়ে ৯ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।

মঙ্গলবার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভের কর্মসূচি রয়েছে। সম্প্রতি জনমত জরিপে প্রাবোওর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার তথ্য উঠে এসেছে।

জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হারমানতো মঙ্গলবার সাংবাদিকদের জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করবেন। এ কারণে প্রায় ৯ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।

ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার শিক্ষার্থী সংসদ জানিয়েছে, বনাঞ্চলে সাম্প্রতিক অগ্নিকাণ্ড, শেয়ারবাজারে বড় দরপতন ও রুপিয়ার দুর্বল হয়ে পড়ার প্রতিবাদে তারা আন্দোলন করবে। এসব পরিস্থিতি দেশটির অর্থনীতির ভঙ্গুরতা তুলে ধরছে বলে মনে করছে শিক্ষার্থীরা। বিক্ষোভে কতজন অংশ নেবেন, তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন

এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস মঙ্গলবার জাকার্তার একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভে ব্যানার টাঙিয়েছে। এতে লেখা ছিল, ‘জলবায়ু সংকট মোকাবিলা করুন, জীবনযাত্রার ব্যয় কমান’।

২০২৪ সালের ২০ অক্টোবর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সাবেক সেনা কর্মকর্তা প্রাবোও সুবিয়ান্তো। নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেলেও জনসাধারণ, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চাপে রয়েছেন তিনি। তার উচ্চাভিলাষী জনতুষ্টিবাদী কর্মসূচির অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে।

সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জরিপ অনুযায়ী, গত বছরের শেষ দিক থেকে প্রাবোওর জনপ্রিয়তা ধারাবাহিকভাবে কমছে। চলতি মাসে তার প্রতি জনসমর্থন নেমে এসেছে ৪৪ দশমিক ৫ শতাংশে, যা এখন পর্যন্ত সর্বনিম্ন। গত বছরের নভেম্বরে এই হার ছিল ৮১ দশমিক ২ শতাংশ।

ইন্দোনেশিয়ায় সর্বশেষ বড় বিক্ষোভ হয় গত আগস্টে। ওই সময় শত শত মানুষকে আটক করা হয়েছিল। এর আগে, ২০২৫ সালে এক মোটরসাইকেল ট্যাক্সিচালককে পুলিশ হত্যার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই সহিংসতায় বেশ কয়েকজন নিহত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad