দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২১৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। আর পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের ২০ অক্টোবরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ অক্টোবর সকাল ৮টা থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন শনাক্ত হয়েছেন।
তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ জনের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের।
এ ছাড়া এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে ঢাকায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৯৯ জন শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে ২৫১, বরিশালে ১২৬, সিলেটে ১২৩, খুলনায় ৯৭, ময়মনসিংহে ৬৩, রাজশাহীতে ৩৩ এবং রংপুরে ২৫ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে।
একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া ৪২ জনের মধ্যে ঢাকায় ৩৪, চট্টগ্রামে আটজন রয়েছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় একজন, ময়মনসিংহে একজন ও চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে।


