খুলনা বিভাগে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। শনিবার স্বাস্থ্য বিভাগের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৯৯ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ২২৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৭২৪ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১৯ জন রোগী।
এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট ৪১৩ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। এই জেলায় এখন পর্যন্ত সাত হাজার ৪৪৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিন হাজার ৪৯৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।


