ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ বাংলাদেশে এসেছে। শুক্রবার দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা বন্দর দিয়ে রেলকোচগুলো দেশে পৌঁছে।
বাংলাদেশ রেলওয়ের পাকশী ডি়ভিশনে কর্মকর্তারা কোচগুলো দর্শনা সীমান্তে গ্রহণ করেন। এ সময় নতুন রেলকোচ দেখতে অনেকেই ভীড় জমান।
রেলকোচগুলোর মধ্যে রয়েছে ১১টি নন এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কার এবং দুটি এসি পাওয়ার কার।
১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেলকোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশ্যে পাঠায় ভারত। সেগুলো পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে অবস্থান করে। এরপর শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের গেত বন্দর দিয়ে বাংলাদেশের দর্শনায় পৌঁছে।
বাংলাদেশের দর্শনায় কাস্টম ক্লিয়ারেন্সসহ আনুষঙ্গিক কার্যাদি শেষে কোচগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, কোচগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে। এতে রেলে যাত্রীসেবা বাড়বে।
পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, কোচগুলো আজ দর্শনা বন্দরে ঢুকল। এরপর সৈয়দপুর রেলকারখানায় নেওয়া হবে। সেখানে ট্রায়াল রান করা হবে। তারপর বলা যাবে কোচগুলো কেমন হয়েছে।
২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক সার্ভিসেস লিমিটেডের চুক্তি হয়। চুক্তিতে ২০০টি এলএইচবি ব্রডগেজ রেলকোচ সরবরাহের সিদ্ধান্ত হয়। এই ১৮টি রেলকোচ সেই চুক্তির প্রথম চালান।


