প্রতিবন্ধীদের কথা শুনলেন প্রধানমন্ত্রী, নানা উদ্যোগের আশ্বাস

প্রতিবন্ধীদের কথা শুনলেন প্রধানমন্ত্রী, নানা উদ্যোগের আশ্বাস
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, কর্মসংস্থান, প্রশিক্ষণ ও চলাচলের সুযোগ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আদালত ও হাসপাতালে ইশারা ভাষার দোভাষী নিয়োগ, প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন চালু, চাকরিতে বয়সসীমা শিথিল এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের মতো বিভিন্ন দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা ও দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং বেশ কিছু দাবি তাৎক্ষণিকভাবে মেনে নেন।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবার সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। তার সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিসহ যাদের বিশেষ মনোযোগ ও সহযোগিতা প্রয়োজন, তাদের পাশে রয়েছে। সরকার গঠনের পরই নয়, এর আগেও তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং তাদের সমস্যার কথা শুনেছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, রাজনৈতিক অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ততা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

বক্তারা সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও আদালতে ইশারা ভাষার দোভাষী নিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেন। জবাবে প্রধানমন্ত্রী আদালত ও হাসপাতালে ইশারা ভাষার দোভাষী নিয়োগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন

কৃষি খাতে কাজ করতে আগ্রহী প্রতিবন্ধী ব্যক্তিরা স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের বয়সসীমা শিথিলের দাবিও বিবেচনার আশ্বাস দেন তিনি।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য ও প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন নিশ্চিত করার দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, অন্তত বড় শহরগুলোতে এ ধরনের পরিবহনব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মতবিনিময় সভায় সবচেয়ে বেশি দাবি এসেছে প্রশিক্ষণ নিয়ে। প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী ও কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর তাদের ভাতার পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে। সরকারের আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করে ভবিষ্যতে এ ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে মো. মহসিন নামের একজন প্রতিবন্ধী ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীর জন্য একটি ক্যাপ নিয়ে আসেন। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী মঞ্চ থেকে নেমে এসে তার কাছ থেকে উপহারটি গ্রহণ করেন। এ সময় বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে মহসিনের দলকে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তাদের অনুরোধে তাদের সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এ সময় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad