নিজ দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, শৈলকুপাসহ সারা দেশে মব জাস্টিস বন্ধ করা হয়েছে। ভিন্নমতের মানুষের বিরুদ্ধে মব জাস্টিসের সুযোগ দেওয়া হবে না।
সোমবার সকাল ৭টায় ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সভায় দোকান মালিক সমিতি এবং ভ্যান, রিকশা, ইজিবাইক ও মাহেন্দ্র শ্রমিক সমিতির নেতারা অংশ নেন।
আইনমন্ত্রী বলেন, গত ১৭ বছরে লুটপাট ও নানা অন্যায় হয়েছে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সব লুটপাট, অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার শপথ নিয়েছেন তারা। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পেরে তারা গর্বিত।
তিনি আরও বলেন, আগে নিয়োগে দুর্নীতি হতো। টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হতো। সেই ব্যবস্থা বন্ধ করা হয়েছে। এখন দক্ষতা ও কাজ করার সক্ষমতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে।
বরাদ্দের বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘মন্ত্রীর নামে যে বরাদ্দ আসবে, তার প্রতিটি পাই-পয়সা বুঝিয়ে দেওয়া হবে। শৈলকুপায় আমার কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কেউ চাঁদাবাজির অভিযোগ আনতে পারবেন না। আমাদের দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।’
সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, ব্যবসায়ী প্রবীর কুমার সাহা বিদ্যুৎ, শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া এবং দোকান মালিক সমিতির সদস্য সচিব ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু উপস্থিত ছিলেন।


