কুমিল্লা নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় প্রধান নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসানউদ্দিন টুটুল এবং সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনও রয়েছেন।
শুক্রবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। শনিবার বিকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে আকস্মিক মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলের পর পরই সিসিটিভি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। এরপর শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায় পুলিশ। অভিযানে কোতোয়ালি মডেল থানা পুলিশ ১৬ জন এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২ জনকে আটক করে।
আটক কাইয়ুম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসেনের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার জানান, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে জড়িতদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ১৮ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


