অনির্বাচিত প্রশাসক অপসারণের দাবি নাহিদ ইসলামের

অনির্বাচিত প্রশাসক অপসারণের দাবি নাহিদ ইসলামের
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি
Advertisement
Advertisement

ঢাকা উত্তর সিটি করপোরেশনে অনির্বাচিত প্রশাসক নিয়োগের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, অনির্বাচিত ও দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে বিএনপি সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। এসব প্রশাসককে অবিলম্বে অপসারণ করতে হবে এবং আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে দেওয়া যাবে না।

রোববার বিকালে রাজধানীর মিরপুরে এনসিপির গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রথমে মেয়র ঘোষণা দেওয়ার কথা অস্বীকার করলেও পরে ওই ব্যক্তিকে সমর্থন দেওয়ার কথা বলেছেন। একজন অনির্বাচিত ব্যক্তিকে সিটি করপোরেশনে বসিয়ে তাকে মেয়র পদে নির্বাচনে অংশ নিতে জনসমর্থন চাওয়ার ঘটনা গণতন্ত্রের সঙ্গে যায় না।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় আমলাদের নিয়োগ দেওয়া হলেও বিএনপি সরকার সরাসরি দলীয় ব্যক্তিদের করপোরেশনে বসিয়ে রাষ্ট্রীয় অর্থে নিজস্ব প্রচার চালাচ্ছে ও দলীয় লোকজনকে কাজ দিচ্ছে।

সরকারকে অবৈধ আখ্যা দিয়ে নাহিদ বলেন, গণভোটের রায়কে অবমাননা করার কারণে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনার আমলের রাষ্ট্রকাঠামো ও সংবিধানের ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান।

একদলীয় সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে আনা সংশোধনী ভবিষ্যতে বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পার্বত্য অঞ্চলের অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার বিষয়ে সরকারকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। ভারতের সঙ্গে সরকারের গোপন আঁতাতের কারণে সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সীমান্ত বা নদী কেন্দ্রিক অস্থিতিশীলতা তৈরি হলেও সরকারের অবস্থান স্পষ্ট নয় বলে তিনি দাবি করেন।

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাই আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের মতো ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী ৩০ অক্টোবর ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে সেখানে মিরপুরবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির নেতা আসিফ মাহমুদ অংশ নেবেন জানিয়ে নাহিদ বলেন, আসিফ মাহমুদ কোনো দলের হয়ে নয়, ঢাকা মহানগরবাসীর পক্ষ থেকে নির্বাচনে অংশ নেবেন।

অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে থাকাকালে আসিফ মাহমুদের কারণে যানজট নিরসন, অবৈধ জমি উদ্ধার ও পার্ক তৈরির মতো কাজ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দলীয়করণ করে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দিচ্ছে এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমনে প্রতিষ্ঠানটিকে ব্যবহার করছে।

গণসংযোগ কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক পর্ষদের সদস্যসহ দলটির ছাত্র, যুব, শ্রমিক ও নারীশক্তির নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad