প্রধানমন্ত্রীর ছবিতে মন্তব্য: শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজের চিঠি

প্রধানমন্ত্রীর ছবিতে মন্তব্য: শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজের চিঠি
আবু বকর। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে।

রোববার কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিখা সরকার স্বাক্ষরিত চিঠিতে আবু বকর সিদ্দিকের মন্তব্যকে ‘হিংসাত্মক ও আক্রমণাত্মক’ বলে উল্লেখ করা হয়। একই দিন কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

চিঠিতে বলা হয়, আবু বকর সিদ্দিক কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর সফরসংক্রান্ত একটি ছবির নিচে তিনি ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। বিষয়টি একাডেমিক কাউন্সিলের নজরে আসার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত হয়।

কলেজের ইতিহাস বিভাগের প্রধান শাহনাজ পারভিন বলেন, ‘আবু বকর সিদ্দিক যে কাজটি করেছে, সেটিকে আমরা গর্হিত অপরাধ হিসেবে বিবেচনা করেছি। এ জন্য একাডেমিক কাউন্সিলের সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আলোচনা হয়। কলেজ কর্তৃপক্ষ যেহেতু ব্যবস্থা নিতে পারে না, তাই যেখান থেকে ব্যবস্থা নেওয়া যায়, সেখানেই চিঠি দেওয়ার কথা হয়। সে অনুযায়ী চিঠি গেছে। বিষয়টি সভার কার্যবিবরণীতেও লিপিবদ্ধ করা হয়েছে।’

আরও পড়ুন

গত ২০ অক্টোবর রাজশাহী সফরে এসে রুয়েটের গাড়িতে চলাচল করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেসবুকে প্রধানমন্ত্রীর সেই ছবি দেখে আবু বকর সিদ্দিক মন্তব্য করেন, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিল।’

মন্তব্যটি নজরে আসার পর গত ২২ অক্টোবর রাজশাহীর পবা উপজেলার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মামার বাড়ি থেকে আবু বকর সিদ্দিককে আটক করা হয়। এর আগে রাজশাহীর কেচুয়াতৈল এলাকার বাড়ি থেকে তার বাবা আয়নাল হককেও হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

এ ঘটনায় আবু বকরের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। রোববার জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ট্যাগ: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad