আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যবইয়ের ছবি নিয়ে রাজনৈতিক বিতর্কের জেরে সরিয়ে দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি)-এর দশজন কর্মকর্তাকে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রাথমিকের বইয়ের ছবি নিয়ে বিতর্কের জেরে নয় কর্মকর্তাকে এনসিটিবি থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়।
এর আগে, মাধ্যমিকের বইয়ের ছবি নিয়ে বিতর্ক চলমান অবস্থাতেই রবিবার আব্দুল্লাহ আল যোবায়ের নামে এনসিটিবির আরেকজন কর্মকর্তাকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে বদলি করা হয়েছে।
সোমবার যাদের বদলি করা হয়েছে-কামরুল হক ভূঞা, হুমায়ুন কবীর, আহসানুল আরেফিন চৌধুরী, আবু হানিফ, রেজাউল করিম, মনির হোসেন মজুমদার, মাহমুদ বিন আমিন, আফসানা আইয়ুব ও এস এম আসাদুজ্জামান। তারা সবাই বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। এনসিটিবি থেকে তাদেরকে বদলি করে বিভিন্ন সরকারি কলেজে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিটিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমসকে জানান, গত কয়েকদিন আগে ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে একটি রাজনৈতিক দলের প্রতীকের ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়। এরপর সেই ঘটনাকে ডিফেন্ড করতে গিয়ে পাঠ্যবইয়ে বিভিন্ন ছবির ব্যবহার নিয়ে কিছু কর্মকর্তা অহেতুক বিতর্ক সৃষ্টি করছিল।
তারা বলছিল, নৌকার ছবির ব্যবহারও প্রাথমিকের বাংলা এবং ইংরেজি বইয়ে বেশি হয়েছে। এসব কারণে কাজের পরিবেশ পর্যন্ত ব্যাহত হচ্ছিল। এজন্য অফিসের কাজের পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায় থেকে উভয় পক্ষের কিছু কর্মকর্তাকে দ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


