রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য মো. আমির হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সোমবার বেলা ১১টার দিকে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী হোসেন এবং রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।
সাক্ষাতে উপাচার্য মো. আমির হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সামনে তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সীমাবদ্ধতা, বিশেষত অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় জনবলের সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়টি অবহিত করে এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা চান।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণামুখী উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জাবিপ্রবিকে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রপতির সদয় সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতি ও চ্যান্সেলর উপাচার্যের বক্তব্য শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন তথা ডিপিপির বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে আমির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ কেবল একটি প্রাতিষ্ঠানিক পর্ব ছিল না, এটি ছিল এক অভিভাবকসুলভ স্নেহ ও আন্তরিকতার অভিজ্ঞতা। সাক্ষাতে আমরা বিশ্ববিদ্যালয়ের পটভূমি, বর্তমান সমস্যা, ডিপিপি এবং অবকাঠামো উন্নয়নের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছি। রাষ্ট্রপতি খুবই আন্তরিকভাবে আমাদের কথা শুনেছেন এবং এই বিষয়গুলো দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছেন।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা জাবিপ্রবির প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।


