কুমিল্লা মহানগরীর গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় কাউছার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার এ ঘটনা ঘটে। নিহত কাউছার মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা। তিনি স্থানীয় নেতা কবিরের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ছত্রখিল এলাকায় কাউছারের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও উত্তেজনা দেখা দেয়। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


