খুলনায় ছিনতাইয়ের সময় পুলিশ পরিদর্শক শাহ আলমের দুই হাত চাপাতি দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলার প্রধান আসামি মিরাজ ওরফে স্পিকার মিরাজসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। গ্রেপ্তার অপরজন মো. ইব্রাহিম গাজী।
শুক্রবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৩-এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন।
তিনি জানান, বৃহস্পতিবার খুলনার সোনাডাঙ্গা থানার কলাবাগান ও সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ৯ অক্টোবর খুলনা মহানগরীর কলেজিয়েট স্কুলের সামনে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। তিনি খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত। তিন ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর কুপিয়ে গুরুতর জখম করে।
পরে তাকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠান চিকিৎসকরা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
এসআরবি জানায়, মিরাজের বিরুদ্ধে খুলনা মহানগর পুলিশের আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ইব্রাহিম গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি। আইনগত ব্যবস্থা নিতে তাদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে।


