সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে এসআরবি ও পুলিশের যৌথ অভিযানে তাকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজলুল হক আমিনী (৪৫) উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের বাসিন্দা।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় কালিগঞ্জ ও দেবহাটা থানা পুলিশ এবং এসআরবি-৬ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ১৩ অক্টোবর দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ এনে ফজলুল হক আমিনী লাইভে এসে মানুষ জড়ো করে তার উপর দুইদফা হামলা চালায়। এতে ওই যুবক গণপিটুনিতে মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল জলিল সানা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। পুলিশ এ মামলায় ইতোমধ্যে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে।


