বান্দরবানে নিজ রিসোর্টে নিয়ে এক মারমা নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈ ক্য চিং মারমাকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি।
শনিবার রাতে এনসিপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। কেন্দ্রীয় দপ্তরের পক্ষে সাদিয়া ফারজানা দিবার সই করা চিঠিতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি নাহিদ ইসলাম ও সাধারণ সম্পাদক আখতার হোসেনের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়।
চিঠিতে শৈ ক্য চিং মারমাকে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে নিজের রিসোর্টে নিয়ে ধর্ষণ করেন শৈ ক্য চিং মারমা। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শুক্রবার রাতে বান্দরবান সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, শনিবার বিকালে শৈ ক্য চিং মারমাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


