হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে এক আন্দোলনকারী আহত হওয়ার ঘটনায় ওই মামলা হয়।
বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ রিমান্ড মঞ্জুর করে। এসব তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামদ্দোহা সুমন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. সুমন মিয়া দিলীপ আগরওয়ালাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
উত্তরা পশ্চিম থানায় করা মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আওতাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের পশ্চিম পাশে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এক আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে কোমরের ওপরের অংশে, মেরুদণ্ডের নিচের দিকে আহত হন।
পরে সহ-আন্দোলনকারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তী সময়ে তিনি পিজি হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর থানায় অভিযোগ করেন।
মামলার এজাহারে দিলীপ কুমার আগরওয়ালাকে ৩১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তদন্ত কর্মকর্তার দাবি, ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, তাদের নাম-ঠিকানা সংগ্রহ এবং ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে, চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং অর্থপাচারের অভিযোগে গুলশান থানায় করা আরেকটি মামলায় দিলীপ কুমার আগরওয়ালাকে এক দিনের রিমান্ড দেয় আদালত। ওই মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেছিল।


