কুমিল্লায় যুবদল নেতা আবু কাউছার হত্যা মামলার প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদ এবং তার আপন ভাই তানজীরকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি।
শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ সুপার জানান, শুক্রবার কুমিল্লা মহানগরীর ছত্রখিল এলাকায় যুবদল নেতা আবু কাউছারকে কুপিয়ে হত্যার ঘটনায় তৌহিদ ও তানজীরকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর নুরপুর থেকে তৌহিদকে এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে তানজীরকে গ্রেপ্তার করে এসআরবি।
গ্রেপ্তার তৌহিদের বিরুদ্ধে হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে। তার ভাই তানজীরের বিরুদ্ধে রয়েছে একটি মামলা।
পুলিশ সুপার বলেন, কুমিল্লা সদর উপজেলার ছত্রখিল মডেল মসজিদের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গা নিয়ে কাউছার ও শামীমের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কাউছারকে হত্যা করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় অটোচালক গুরুতর আহত হন। তবে তিনি এখন আশঙ্কামুক্ত।
এদিকে, অপ্রতীম হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, চলতি সপ্তাহেই আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।
সংবাদ সম্মেলনে এসআরবির কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও পঙ্কজ বড়ুয়া উপস্থিত ছিলেন।


