ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাকিব হোসেন (২৫) নামে এক যুবককে ‘ভুয়া’ চিকিৎসক সন্দেহে আটক করা হয়েছে।
রোববার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারের সামনে থেকে তাকে আটক করেন আনসার সদস্যরা।
জরুরি বিভাগের কয়েকজন জ্যেষ্ঠ স্টাফ নার্স জানান, রাকিব গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে জরুরি বিভাগের ৪ নম্বর কক্ষের অপারেশন থিয়েটারের সামনে এসে এক চিকিৎসকের খোঁজ করছিলেন। সন্দেহ হলে নার্সরা তার পরিচয় জানতে চান। তিনি নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক বলে পরিচয় দেন।
তার পোশাক ও আচরণে সন্দেহ বাড়লে একটি রোগীর ব্যবস্থাপত্র পড়তে দেওয়া হয়। তবে তিনি সেটি পড়তে পারেননি। পরে নিজেকে নার্স বলে পরিচয় দেন। নার্সিং কলেজের নাম ও ঠিকানা জানতে চাইলেও তা জানাতে পারেননি। এরপর তাকে আনসার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আটকের পর হাসপাতাল পরিচালক তাকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। পরে আইনি ব্যবস্থা নিতে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
হাবিবুর রহমান আরও জানান, আটক যুবক নিজের নাম রাকিব হোসেন বলে জানিয়েছেন। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। বাবার নাম ফারুক হোসেন। বর্তমানে তিনি ঢাকার সাভারে থাকেন। তার ভাই হাসপাতালে ভর্তি বলে জানা গেছে।


