বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।
দুদকের কর্মকর্তারা জানান, ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য জমা দেওয়া জীবনবৃত্তান্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজের অভিজ্ঞতা উল্লেখ করেন পুতুল। তবে তদন্তে এ তথ্য মিথ্যা ও বানোয়াট বলে উঠে এসেছে।
দুদকের দাবি, ওই অভিজ্ঞতার তথ্য ব্যবহার করে পুতুল আন্তর্জাতিক সংস্থাটির গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সুযোগ পান। নিয়োগপ্রক্রিয়ায় জীবনবৃত্তান্তের তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় নথি তৈরি ও যাচাইয়ে প্রভাব খাটানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নথি খোলা এবং তথ্য যাচাইয়ের সুযোগ না দিয়ে চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
দুদকের কর্মকর্তাদের ভাষ্য, বাংলাদেশের স্থায়ী মিশন, জাতিসংঘের কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে তথ্য পাঠানো হয়। এসব তথ্যের ভিত্তিতেই পুতুল নিয়োগ পান বলে দাবি কমিশনের।
দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, ‘জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়া ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পুতুল রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ন করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।’
তদন্তে আরও উল্লেখ করা হয়েছে, ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় পুতুল এসব কার্যক্রম চালান বলে অভিযোগ রয়েছে।
২০২৫ সালের ২০ মার্চ দুর্নীতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১।


