বিমার দাবি আটকে নতুন পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

বিমার দাবি আটকে নতুন পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা
Advertisement
Advertisement

বিমার দাবি পরিশোধের শর্ত হিসেবে গ্রাহককে নতুন পলিসি কিনতে বাধ্য করা ও প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কেটে নেওয়া নিষিদ্ধ করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ বিমার দাবি পরিশোধে বিলম্ব করলে সংশ্লিষ্ট গ্রাহকের নামে ৩০ থেকে ১৮০ দিন নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার আইডিআরএর পরিচালক রকিবুর রহমান খান সই এক সার্কুলারে এসব নির্দেশনা দেওয়া হয়, যা অবিলম্বে কার্যকর হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, কিছু জীবন বিমা কোম্পানি মেয়াদোত্তীর্ণ দাবি, মৃত্যুদাবি ও নির্ধারিত মেয়াদে প্রদেয় সুবিধার (সারভাইভাল বেনিফিট) অর্থ পরিশোধের ক্ষেত্রে গ্রাহক বা নমিনিকে নতুন পলিসি কিনতে বাধ্য করছে। কোনো কোনো কোম্পানি পুরোনো পলিসির প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কেটে নিয়ে অবশিষ্ট টাকা পরিশোধ করছে।

আইডিআরএ’র মতে, বিদ্যমান আইনে বিমার দাবির পুরো অর্থ ৯০ দিনের মধ্যে পরিশোধ করা বাধ্যতামূলক। দাবি থেকে নতুন পলিসির প্রিমিয়াম সমন্বয় করা আইনবিরুদ্ধ এবং এ ধরনের কার্যক্রম গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ন করার পাশাপাশি বিমা খাতের ক্ষতি করছে।

আরও পড়ুন

নতুন নির্দেশনা অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ বিমার দাবি ৯০ দিন পেরিয়ে পরবর্তী ৩০ দিনের মধ্যে পরিশোধ করলে অর্থ পরিশোধের তারিখ থেকে ৩০ দিন সংশ্লিষ্ট গ্রাহকের নামে একই কোম্পানি নতুন পলিসি ইস্যু করতে পারবে না।

দাবি পরিশোধে ১২০ দিন বা তার বেশি সময় লাগলে নিষেধাজ্ঞা থাকবে ১৮০ দিন। এ সময় গণনা শুরু হবে অর্থ পরিশোধের তারিখ থেকে।

তবে মেয়াদোত্তীর্ণ দাবির পুরো অর্থ নির্ধারিত ৯০ দিনের মধ্যে পরিশোধ করলে নতুন পলিসি ইস্যুতে কোনো বাধা থাকবে না।

সব ধরনের বিমা দাবির ক্ষেত্রে প্রাপ্য সম্পূর্ণ অর্থ এককালীন গ্রাহক বা নমিনির ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হবে। প্রযোজ্য সরকারি রাজস্ব ছাড়া কোনো অর্থ বা ফি কর্তন করা যাবে না।

তবে নতুন পলিসি ইস্যুতে ৩০ ও ১৮০ দিনের নিষেধাজ্ঞা কেবল মেয়াদোত্তীর্ণ দাবির ক্ষেত্রে প্রযোজ্য। মৃত্যুদাবি ও সারভাইভাল বেনিফিটের ক্ষেত্রে সম্পূর্ণ অর্থ পরিশোধ এবং বেআইনি কর্তন না করার বিধান কার্যকর থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad