মানিকগঞ্জের দৌলতপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি ও জেলার বাইরের ক্রেতার কাছে সার সরবরাহের দায়ে হাবিবুর রহমান নামে এক সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উদ্ধার করা ১১ বস্তা সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিলের প্রক্রিয়াও চলছে।
হাবিবুর রহমান দৌলতপুর বাজারের ‘মেসার্স দীপু ট্রেডার্স’-এর সাব-ডিলার। শুক্রবার সকালে টাঙ্গাইল থেকে আসা এক ক্রেতা তার দোকান থেকে বেশি দামে ১১ বস্তা সার কেনেন। সমেতপুর এলাকায় স্থানীয় বাসিন্দারা তাদের আটক করেন। পরে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। সাব-ডিলারও অপরাধ স্বীকার করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস অভিযান পরিচালনা করেন। তিনি জানান, সার বিক্রিতে অনিয়ম করলে ডিলার ও সাব-ডিলারদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ঘটনার এক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ডিলার ও সাব-ডিলারদের নিয়ে সচেতনতামূলক সভা হয়। সেখানে সার বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছিল।


