হবিগঞ্জ শহরের উমেদনগর পশ্চিম এলাকায় স্যালো মেশিনচালিত ভটভটিতে বসাকে কেন্দ্র করে মোল্লাবাড়ি ও খাঁ বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে ভটভটিতে বসাকে কেন্দ্র করে খাঁ বাড়ির সৈয়দ আলী ও মোল্লাবাড়ির আফিল উদ্দিনের পক্ষের দুই নারীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রয়েছেন শামছুল হক খান (৩০), সানি মিয়া (২৪), মোবারক খান (১৮), সুজন মিয়া (৩০), ইমতিয়াজ খান (২৩), সিফাজুল (৩০), সালেক খান (৩৫), ইয়াসিন খান (২৫), আব্দুল মন্নান (৫৫), সোহান মিয়া (২২), তাউছ মিয়া (৩০), শিফাজুল খান (৩০), ইব্রাহিম খান (২৮), লাদেন খান (২৪), দৌলত খান (২৪), জালাল খান (২৫), হাফিজুল খান (৩৫), জাবেদ খান (৩০), আফজাল আহমেদ (২৯), লকুজ মিয়া (৪৫), নিহাদ মিয়া (২২), আবজল খান (৩৮), কামাল খান (৪৫), মর্তুজ আলী খান (৩৪), কামরুল ইসলাম (৩০), রোহান (১৮), আশরাফুল (৩৯), সালমান (১৪), হোসাইন (১৬), আনফর (৪৫), আহাদ মিয়া (৪৯), মাসুক মিয়া (৫৮), ফরহাদ (২৮), জুয়েল মিয়া (৩৫), সামিউল খান (৪২), মনু খান (৪৫), সিরাজুল (২৭), তাজুল ইসলাম (৩৫), কারিমুন্নেছা (৭৫), সোহান (১৮), আনাউর রহমান (৪৮), এনাম খান (৪০), জানু মিয়া (৪০), সুমাইয়া (২২) ও সোহাগ মিয়া (২৫)।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


