ইসলামিক বিকেন্দ্রীভূত অর্থায়ন (ডিফাই) প্রযুক্তি উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন বাংলাদেশি উদ্যোক্তা ও কোয়ান্টিটেটিভ বিশ্লেষক শেহজাদ আহমেদ।
নিজের গড়ে তোলা উদ্যোগ ‘বারাকাহ প্রোটোকল’ এর প্রতিষ্ঠাতা হিসেবে শেহজাদ এই পুরস্কার পেয়েছেন। ‘গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স ইনোভেশন অ্যাওয়ার্ডস (জিআইএফআইএ) ২০২৬ আসরে ‘বেস্ট ইমার্জিং ইনোভেশন—ইসলামিক প্রোডাক্ট লঞ্চ অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে তার উদ্যোগ সেরা নির্বাচিত হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা ‘দ্য ডিজিটাল ব্যাংকার’ আয়োজিত এ পুরস্কারে নিজ বিভাগে একক বিজয়ী হওয়ার পাশাপাশি পুরো আয়োজনে পুরস্কার পাওয়া একমাত্র ইসলামিক ডিফাই প্রকল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে বারাকাহ প্রোটোকল।
শেহজাদ আহমেদ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) থেকে ফাইন্যান্সে স্নাতক সম্পন্ন করেছেন। কম্পিউটার বিজ্ঞান ছিল তার মাইনর বিষয়। অর্থায়ন ও প্রযুক্তির সমন্বয়ে কাজ করা এই উদ্যোক্তা ইসলামিক অর্থায়নের জন্য নতুন ধরনের ডিজিটাল অবকাঠামো তৈরিতে কাজ করছেন।
বারাকাহ প্রোটোকল মূলত সম্পূর্ণ অন-চেইন ও শরিয়াহসম্মত একটি বিকেন্দ্রীভূত ডেরিভেটিভস এক্সচেঞ্জ তৈরি করছে। প্রকল্পটির কারিগরি কাঠামো বিচারকদের বিশেষ প্রশংসা পেয়েছে। ডিজিটাল সম্পদের বাজারে স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে এতে জিরো-রেট ফান্ডিং মডেল, বিকেন্দ্রীভূত এক্সচেঞ্জ অবকাঠামো এবং নিজস্ব শরিয়াহ গভর্ন্যান্স ব্যবস্থা সমন্বয় করা হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের আটটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ১০ জন জ্যেষ্ঠ পেশাজীবীর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক বিচারক প্যানেল বিজয়ী নির্ধারণ করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অ্যাকসেনচার, আলভারেজ অ্যান্ড মার্সাল মিডল ইস্ট, বেইন অ্যান্ড কোম্পানি, কার্নি, কেপিএমজি অস্ট্রেলিয়া, মনিটর ডেলয়েট, সাইমন-কুচার এবং দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ট্রেজারি।
অন্যান্য বিভাগে পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক, দুবাই ইসলামিক ব্যাংক ও এমিরেটস ইসলামিক। এসব প্রতিষ্ঠানের সঙ্গে একই আয়োজনে স্বীকৃতি পাওয়ায় আন্তর্জাতিক ইসলামিক অর্থায়ন খাতে বারাকাহ প্রোটোকলের উদ্যোগটি বিশেষ গুরুত্ব পেয়েছে।
প্রকল্পটির নতুন কারিগরি কাঠামো আন্তর্জাতিক ফিনটেক শিল্পেরও নজর কেড়েছে বলে জানানো হয়েছে। বিশ্বের বড় ডিজিটাল অ্যাসেট প্ল্যাটফর্ম ও ওয়েব-থ্রি ভেঞ্চার ফান্ডগুলো এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে।
আন্তর্জাতিক পুরস্কারের পাশাপাশি একাডেমিক গবেষণাতেও অবদান রাখছেন শেহজাদ। সম্প্রতি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ তার গবেষণাকর্মের জন্য তাকে বিশেষভাবে তুলে ধরেছে। আর্থিক অন্তর্ভুক্তি ও প্রযুক্তিবিষয়ক তার যৌথ গবেষণাপত্রটি কিউ-১ র্যাঙ্কিংভুক্ত সাময়িকী ‘জার্নাল অব রিস্ক অ্যান্ড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট’-এ প্রকাশিত হয়েছে।


