অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি এবং পদায়ন করা হয়েছে।
রোববার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। একই দিনে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির আগের আদেশও বাতিল করা হয়েছে।
একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল আকতারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাকিয়া সুলতানাকে মেহেরপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে তার বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।
এ ছাড়া এসআরবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ ও রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে। তিনি আগে কিশোরগঞ্জে কর্মরত ছিলেন।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে একই পদে পদায়ন করা হয়েছে। লালমনিরহাটের এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে।
খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে পদায়ন করা হয়েছে। খুলনার ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে একই পদে বদলি করা হয়েছে। পঞ্চগড়ের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে এসবির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। ৩ সেপ্টেম্বর জারি করা আগের আদেশ বাতিল করে ১৮ অক্টোবর নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। তা না হলে ২৮ অক্টোবর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য করা হবে।


