সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জেরে ঢাকা থেকে মোট ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে ১৫ হাজারের বেশি যাত্রী।
নিরাপত্তাজনিত কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ৫ দিনে এসব ফ্লাইট বাতিল হয়।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, রিয়াদগামী ফ্লাইট বাতিলের প্রভাব পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইনস, রিয়াদ এয়ার, ইউএস-বাংলা এয়ারলাইনস সহ বিভিন্ন এয়ার লাইনসের যাত্রীদের ওপর।
বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৪২টি সরাসরি ফ্লাইট। যার মধ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইটের সংখ্যা ১৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের আটটি এবং রিয়াদ এয়ারের সাতটি।
এ পর্যন্ত বাতিল হওয়া ৬১টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে রয়েছে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার তিনটি।
গত পাঁচদিনে ফ্লাইট বাতিলে কারণে এখন পর্যন্ত ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী আটকা পড়েছেন বলে জানিয়েছে বেবচিক।
এদিকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের জেরে সৌদি আরবের রিয়াদে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা।
গত শনিবার রাতে রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ তথ্য জানায়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের এই হামলার জন্য দায়ী করেছে সৌদি জোট।
সেই হামলার রেশ কাটতে না কাটতেই রোববার বিকালে রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হয়। এতে একজন নিহত ও অন্তত ১১ জন আহত হন।


