ঢাকা শহরে অটোরিকশা চলাচলে বিধিনিষেধ নিয়ে সড়ক ও সেতুমন্ত্রীর হুঁশিয়ারের প্রতিবাদে মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করছেন অটোরিকশাচালকেরা।
রোববার সকাল ১০টায় মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নেন তারা।
সম্প্রতি সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে। সরকার সে লক্ষ্যে জোর প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।
এদিকে সড়ক অবরোধের কারণে চারপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভরত অটোরিকশাচালক ইমাম হোসেন বলেন, ‘আমাদের অবরোধের মূল দাবি একটাই—সড়কে আমাদের গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। কোনো কারণ ছাড়াই আমাদের গাড়ি ডাম্পিং করা হয়।’
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানান, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।


