ঝিনাইদহের মহেশপুরে ডোবার পানিতে ডুবে হুমায়রা (৩) ও নাহিয়ান (৪) নামে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে যাদবপুর ইউনিয়নের যাদবপুর বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নাহিয়ান বাবু মিয়ার ছেলে ও হুমায়রা আশিকুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানান, দুপুরে দাদির সঙ্গে পাশের বাড়িতে যাওয়ার পথে বাড়ির পাশের ডোবার পাড়ে খেলতে শুরু করে দুই শিশু। দাদি পাশের বাড়িতে চলে যাওয়ার পর অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবায় ভাসমান মরদেহ দেখতে পান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, ‘খেলার সময় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর অভিযোগ রেকর্ড করা হবে।’


