শারদীয় দুর্গোৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আগামী ২০ অক্টোবর রাজশাহী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরীর রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরইমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নগর কর্তৃপক্ষ। জনসভাস্থল প্রস্তুত, সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।
রাজশাহী সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, সফরসূচি অনুসারে ২০ অক্টোবর দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে বিকাল ৩টায় মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ সময় ইক্ষুচাষীদের মধ্যে প্রণোদনা বিতরণের কর্মসূচিও রয়েছে।
এদিকে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জনসভাস্থল হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ (মাদ্রাসা মাঠ) পরিদর্শন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রঙ করা, মাঠসংলগ্ন সড়ক সংস্কার ও মঞ্চ নির্মাণের প্রস্তুতি ঘুরে দেখেন। পাশাপাশি সার্বিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে রাসিক প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সিদ্ধান্ত নগরবাসীর জন্য আবেগ ও অনুভূতির বিষয়। তাকে একনজর দেখতে রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতারা, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হিন্সু ধর্মাবলম্বীদের নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে। সড়ক বিভাজকের আইল্যান্ড রঙকরণ, প্রয়োজনীয় সড়ক সংস্কার এবং নগরীর সার্বিক পরিবেশ উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কার্যালয়ে প্রধানমন্ত্রীর সফর ও শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। সভায় প্রধানমন্ত্রীর সফর সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া সফর ঘিরে সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনাও দেওয়া হয়।
সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সকালে সামরিক বিমানে ঢাকা থেকে সৈয়দপুর যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন শেষে রাজশাহীতে আসবেন তিনি। রাজশাহী সফর শেষে চট্টগ্রামের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। একই দিনে দেশের তিনটি বিভাগ সফরের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী।
মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রকৌশল বিভাগের কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
আরএমপির প্রস্তুতিমূলক সভায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


