টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনালের লিমিটেডের কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও সহযোগিতা করেন।

বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। প্রথমে আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে আরও ১৩টি ইউনিট যুক্ত করা হয়। সব মিলিয়ে ২১টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি, উত্তরা ফায়ার স্টেশনের তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি এবং পূর্বাচল ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার পাঠানো হয়েছে। একই সঙ্গে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে সেনাবাহিনী এবং বিজিবি।

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা যায়, টঙ্গী ফায়ার স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়ার পরপরই উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করা হয়। আগুনের বিস্তার ঠেকাতে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় ধরে কাজ করেন। এ সময় সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও সহযোগিতা করেন।

আরও পড়ুন

তবে কারখানাটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুরের ফায়ার সার্ভিস ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিস্তারিত তথ্য সংগ্রহের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad