চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ ও মাছ ধরার ছয়টি নৌকা জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ।
তিনি জানান, সোমবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালায় হাইমচর উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ও স্থানীয় কোস্টগার্ড। অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। তিনি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সময় ২৮ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দেয়। আটক অন্য চার অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে জব্দ করা এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ছয়টি মাছ ধরার নৌকা কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া জব্দ করা ১৫ কেজি মা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ইউএনও নজরুল ইসলাম বলেন, ইলিশকে মেঘনা নদীতে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে অভিযান অব্যাহত থাকবে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভয়াশ্রম এলাকায় উপজেলা টাস্কফোর্স কঠোর অবস্থানে থাকবে।


