অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আগামীকাল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের মুখোমুখি হবেন নিগার সুলতানা জ্যোতির দল। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে।

এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। চলতি চক্রে এর আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডেতে ৫টি ও টি-টোয়েন্টিতে ৬টি ম্যাচ খেলে কোনো জয়ের দেখা না পেলেও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এবার ইতিবাচক ফল উপহার দিতে আশাবাদী টাইগ্রেসরা।

পূর্বে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা থাকলেও দ্বিপাক্ষিক সিরিজ হিসেবে এটিই প্রথম। দীর্ঘ ৬ বছর পর সেখানকার গতি ও বাউন্সি উইকেটে মানিয়ে নেওয়াকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সরোয়ার ইমরানের জায়গায় দলের কোচের দায়িত্ব নেওয়া ডেভিড হেম্প। তবে প্রস্তুতি ভালো হয়েছে বলে জানান তিনি।

কোচ ডেভিড হেম্প বলেন, ‘এখানকার কন্ডিশনে বাড়তি গতি ও বাউন্স থাকা সত্ত্বেও মেয়েরা দ্রুত মানিয়ে নিয়েছে। প্রস্তুতির প্রথম চার-পাঁচ দিন আমাদের বেশ ভালো কেটেছে।’ বিশ্বসেরা দলের বিপক্ষে মাঠের মানসিকতা নিয়ে তিনি যোগ করেন, ‘আমরা ১ নম্বর দলের বিপক্ষে খেলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইতিবাচক থাকা। আমি চাই না সিরিজ শেষে বাংলাদেশে ফিরে খেলোয়াড়দের আফসোস করতে হয়–যদি আমরা অন্যভাবে খেলতাম। নিজেদের পরিকল্পনায় অটল থেকে ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে আমরা অবশ্যই এগোতে পারব।’

সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড নারী দলের কাছে বৃষ্টি আইনে ৭২ রানে হেরেছে টাইগ্রেসরা। ম্যাচে বল হাতে হাবিবা ইসলাম ৪টি ও মারুফা আক্তার ২টি উইকেট শিকার করেন। আর ব্যাট হাতে শারমিন আক্তার ৬৮, সোবহানা মোস্তারি ৪৯ ও শারমিন সুলতানা ২৮ রানের লড়াকু ইনিংস খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad