ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত হয়েছে ১৯তম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড। বিশ্বের বিভিন্ন দেশের সাড়ে ৫০০ প্রতিনিধি ও প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণেরা সাফল্য অর্জন করেছে।
বাংলাদেশ দলের সদস্য আরাশ জুহাইর উদয় প্রতিযোগিতায় অনন্য কৃতিত্ব দেখিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করে। পুরো দলের সবচেয়ে কমবয়সী প্রতিযোগী হিসেবে বিশ্বমঞ্চ থেকে সে এই সম্মান অর্জন করে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আরেক প্রতিযোগী মো. তালহা জুবায়ের অনারেবল মেনশন বা সম্মানসূচক স্বীকৃতি লাভ করেন। দলগত প্রতিযোগিতায় বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে অবদান রাখায় দলগত প্রতিযোগিতার বিজয়ী প্রতিনিধি জুনায়েদ লাবিব আল ওয়াসী।
এতে আরও বলা হয়, বাংলাদেশের এই সাফল্যযাত্রায় মূল দলের অনন্য প্রতিনিধি হিসেবে সক্রিয় ও প্রশংসনীয় অবদান রাখেন সাজিদ আমান ও মো. রাদিত রাইয়ান।
প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এই দলের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় ছিলেন দুই দলনেতা ফাহিম রাজিত হোসেন এবং অর্ণব চৌধুরী।
কঠিন তাত্ত্বিক মূল্যায়ন, সুনির্দিষ্ট উপাত্ত বিশ্লেষণ এবং মহাকাশ পর্যবেক্ষণের নানা পর্যায় পেরিয়ে দেশের জন্য এই আন্তর্জাতিক সম্মান বয়ে আনায় পুরো প্রতিনিধিদলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


