মানসম্মত শিক্ষা ছাড়া স্বনির্ভর দেশ গড়া সম্ভব নয়: এনইউ ভিসি

মানসম্মত শিক্ষা ছাড়া স্বনির্ভর দেশ গড়া সম্ভব নয়: এনইউ ভিসি
ছবি: বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে
Advertisement
Advertisement

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ছাড়া দক্ষ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা কঠিন বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) ভাইস-চ্যান্সেলর  (ভিসি) এ এস এম আমানুল্লাহ।

বৃহস্পতিবার খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজ অডিটোরিয়ামে খুলনা অঞ্চলের অধিভুক্ত ৩৩৮টি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং সভাপতিত্ব করেন এনইউ ভিসি এ এস এম আমানুল্লাহ। এ সময় খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

আমানুল্লাহ বলেন, শুধু বিএল বা বিএম কলেজের মতো হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের উন্নয়ন হলেই শিক্ষার সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়; প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোর শিক্ষার মানও সমানভাবে উন্নত করতে হবে।

গণঅভ্যুত্থান-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার্থীদের আবার শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি জানান, শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৩৫ বছরের পুরোনো কারিকুলাম ও সিলেবাস পরিবর্তন করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৪ হাজার ২০০টি কোর্সের মধ্যে ৪০০টি কোর্স পুনর্মূল্যায়ন ও সংশোধন করা হয়েছে এবং বাকি ৩ হাজার ৮০০টি কোর্সের সংস্কারকাজ চলমান রয়েছে।

আরও পড়ুন

বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রচলিত শিক্ষার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), হসপিটালিটি ম্যানেজমেন্ট ও প্রযুক্তিভিত্তিক ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতির প্রভাব কাটিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ সমৃদ্ধ করার আহ্বান জানান এনইউ ভিসি।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বকুল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবেই ক্যাম্পাসের পরিবেশে প্রভাব ফেলতে না পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে জ্যেষ্ঠ নাগরিক ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনসহ সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

সভায় উপস্থিত বিভিন্ন কলেজের শিক্ষক ও অধ্যক্ষরা তাদের প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা, শিক্ষক সংকট ও শিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন ভিসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad