প্রান্তিক নারীর ক্ষমতায়ন, শিশু সুরক্ষা এবং নিম্নবিত্ত কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সুবিধা সম্প্রসারণে জোর দেওয়ার সুপারিশ করেছে সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
একই সঙ্গে তৃণমূল পর্যায়ে নারী ও শিশুদের সেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন মহিলাবিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি, জয়িতা ফাউন্ডেশন ও ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার ভিশন, মিশন, জনবল, বাজেট, কার্যক্রম, অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
আলোচনায় কমিটির সদস্যরা মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছানো এবং জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া শিশু সুরক্ষা কর্মকর্তা নিয়োগ, শিশুদের নৈতিক শিক্ষা, নিরাপত্তা ও মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে পরিবারকে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়। নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও তাদের পণ্যের বাজারসংযোগ বাড়ানো, ডিএনএ ল্যাবরেটরির শূন্য পদ পূরণ এবং নিম্নবিত্ত কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সুবিধা সম্প্রসারণেরও সুপারিশ করে কমিটি।
বৈঠকে কমিটির সদস্য ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা, আন্না মিনজ, মাধবী মার্মা, ফাহিমা নাসরিন, নূরুন্নিসা সিদ্দীকা, সাবিকুন্নাহার এবং মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি অংশ নেন।
বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, একাডেমি ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


