রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় ট্রাকচাপায় শাওন (১৭) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই জানান, নিহত শাওন গুলিস্তান-ভুলতা রোডে ডিটিএল বাসের হেলপার। বিকালে গুলিস্তান থেকে ভুলতা যাচ্ছিল তাদের বাসটি। শাওন বাসের দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন। পথে কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শাওন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, নিহত শাওনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। বাসের মধ্যেই তিনি থাকতেন। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।


