দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০০ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ জনে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৫ হাজার অতিক্রম করেছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৫ হাজার ৪৫১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৩৮০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৭৭৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১ হাজার ৩০০ জন রোগীর মধ্যে পুরুষ ৭৮৮ জন এবং নারী ৫১২ জন। এ সময়ে মারা যাওয়া একক ব্যক্তিটিও একজন পুরুষ, যিনি খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বয়সভিত্তিক হিসাবে, নতুন আক্রান্তদের মধ্যে ১৬ থেকে ২০ বছর বয়সীদের সংখ্যা সর্বোচ্চ ১৯৩ জন। এরপর ২৬ থেকে ৩০ বছর বয়সী ১৭২ জন এবং ২১ থেকে ২৫ বছর বয়সী ১৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৩৪৩ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩১৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৭৪ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪১ জন ভর্তি হয়েছেন।
অন্য বিভাগগুলোর মধ্যে রংপুর বিভাগে ৮০ জন, বরিশাল বিভাগে ৬৯, ময়মনসিংহ বিভাগে ৩৬, খুলনা বিভাগে ৩৫ এবং সিলেট বিভাগে চারজন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৯ হাজার ২৬৯ জন (৬২ দশমিক ৩ শতাংশ) এবং নারী ৩৫ হাজার ৯৩৮ জন (৩৭ দশমিক ৭ শতাংশ)। অন্যদিকে মোট ২৯৫ জন মৃতের মধ্যে ১৪০ জন পুরুষ এবং ১৫৫ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাসভিত্তিক আক্রান্তের হিসাবে জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬, আগস্টে ২০ হাজার ৫৩৬ এবং সেপ্টেম্বরে সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন হাসপাতালে ভর্তি হন। আর চলতি অক্টোবরের এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৮৩১ জন।


