বরগুনার আমতলীতে ইলিশ ধরার জাল তুলতে গিয়ে নিখোঁজ জেলে ওমর আলী গাজীর (৫৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার সকাল ৯ টার দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকা সংলগ্ন পায়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়। ওমর আলী গাজী আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের লোচা এলাকার মৃত্যু আব্দুল হাকিম গাজীর ছেলে।
নৌ-পুলিশ জানায়, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার লোচা এলাকা সংলগ্ন পায়রা নদীতে ইলিশ ধরার জাল তুলতে গিয়ে নদীতে পড়ে গিয়ে তীব্র স্রোতে নিখোঁজ হন ওমর আলী গাজী। তার সঙ্গে থাকা অপর জেলে জলিলুর রহমান তাৎক্ষণিক চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেননি।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা যৌথভাবে উদ্ধার অভিযান চালান।
ওই ঘটনার দুই দিন পর শুক্রবার সকালে তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকা সংলগ্ন পায়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে নৌ-পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরবর্তীতে নিখোঁজ ওমর আলী গাজীর স্বজনরা এসে তার মরদেহ শনাক্ত করেন।
মৃতের ভাই আক্কেল আলী গাজী বলেন, ‘আমার ভাই নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা নদীর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলাম। আজ সকালে খবর পেয়ে তেঁতুলবাড়িয়া এলাকায় আসি। পেটে থাকা অপারেশনের দাগ দেখে মরদেহ শনাক্ত করেছি।’
এ বিষয়ে তালতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র বলেন, উদ্ধার করা মরদেহটির পরিচয় শনাক্ত করা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী আইনি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


