চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের অভ্যন্তরে ধূমপান নিষিদ্ধ করেছে হল প্রশাসন। হলের প্রধান ফটক, গেস্টরুম, বারান্দা, সিঁড়ি ও করিডোরসহ যেকোনো স্থানে ধূমপান করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার হলটির প্রভোস্ট অধ্যাপক এইচএস ফারুক আলমের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে হলের অভ্যন্তরের সব স্থানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ নির্দেশনা আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে মেনে চলতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
হল সংসদের সহসভাপতি (ভিপি) শরিফুল ইসলাম বলেন, হলের অভ্যন্তরে সিগারেটসহ অন্যান্য তামাকজাত দ্রব্য সেবন নিষিদ্ধ থাকলেও সম্প্রতি হলের প্রধান ফটক, ফটকসংলগ্ন এলাকা ও বিভিন্ন তলার করিডোরে কিছু শিক্ষার্থীকে ধূমপান করতে দেখা যায়।
এতে হলের পরিবেশ ও আবাসিক শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার বিষয়ে একাধিক অভিযোগ আসে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে হল প্রশাসনের কাছে বিষয়টি সমাধানের দাবি জানানো হয়।
ফারুক আলম বলেন, ‘এর আগেও আমরা এ বিষয়ে সতর্কতামূলক নোটিশ দিয়েছিলাম। পাবলিক প্লেসে ধূমপান একটি গুরুতর অন্যায়। হলের অভ্যন্তরে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্য হলে এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’


