কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের অনুরাগীদের তৈরি করা একটি ভুয়া গ্রেপ্তারের ছবি ছড়ানোর ঘটনায় হায়দেরাবাদ শহরের পুলিশ কমিশনার ভিসি সাজ্জানান অভিনেতার শরণাপন্ন হয়েছেন।
ইন্টারনেট দুনিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো রোধে তিনি সরাসরি জুনিয়র এনটিআরকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।
ঘটনার সূত্রপাত তেলুগু সিনেমা দেভারার গান ছুট্টামাল্লেকে কেন্দ্র করে। সম্প্রতি গানটি থেকে অভিনেত্রী জাহ্নবী কাপুর ও জুনিয়র এনটিআরের কিছু আপত্তিকর বিকৃত এআই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে–এমন দাবি করে কমিশনার সাজ্জানানের একটি ভুয়া এআই ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ভক্তদের একাংশ।
বিকৃত পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কমিশনার সাজ্জানান লেখেন, ‘এটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি, কোনো আসল আলোকচিত্র নয়। নিশ্চিত না হয়ে এ ধরনের ভুয়া ছবি দয়া করে কেউ শেয়ার করবেন না।’
অনলাইন কনটেন্ট যাচাইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, এআই ছবি দিন দিন এতটাই বাস্তবসম্মত হয়ে উঠছে যে অনলাইনে দেখা বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলা জরুরি।
এরপরই জুনিয়র এনটিআরকে ট্যাগ করে তিনি লেখেন, ‘আপনার ভক্তদের দ্বারা আমার ছবির এমন অপব্যবহারের বিষয়টি আশা করি আপনি নজরে রাখবেন।’
কমিশনারের বার্তার পর সংশ্লিষ্ট পেজটি পোস্টটি মুছে ক্ষমা চেয়েছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি জুনিয়র এনটিআর।


