ককরোচজনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে শনিবার দিল্লি থেকে আটক করেছে পুলিশ। বিক্ষোভে যোগ দিতে এসে তিনি আটক হন। একই দিনে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় পৈতৃক গ্রামে তার দাদি সাবিত্রীবাঈ শঙ্কর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
দাদির মৃত্যুর খবর পেয়ে বাবা ভগবান ও মা অনিতা গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। দিপকেকে মুক্তি দেওয়া হবে কি না, শেষকৃত্যে যোগ দেওয়ার অনুমতি মিলবে কি না বা তাকে মৃত্যুর খবর জানানো হয়েছে কি না—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আজ সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ পর বিমানের ভেতর থেকে দিপকেকে আটক করা হয়। তিনি সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে মুম্বাই থেকে দিল্লি এসেছিলেন। সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার কথা ছিল তার।


