পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে জেলে ছদ্মবেশী ছয়জন হরিণ শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা।
শনিবার বিকালে পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আাসাদুজ্জামান এ তথ্য জানান।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রেঞ্জের চরাপুটিয়া ফরেস্ট টহল ফাঁড়ির হলদির খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বনে পেতে রাখা ২০০ ফুট নাইলনের রশির তৈরি হরিণ শিকারের ফাঁদ, দুটি নৌকা, ৪০ ফুট চরপাটা বা খালপাটা জাল ও হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আটকরা হলেন-হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। আটকদের সবার বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার ছায়েরাবাদ গ্রামে।
বন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় টহলকালে নিষিদ্ধ খালে মাছ ধরার বিষয়টি নজরে পড়ে বনরক্ষীদের। প্রথমে তাদের মাছ ধরার অপরাধে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হরিণ শিকারের আসল রহস্য। আটকদের দেওয়া তথ্যে বনে তল্লাশি করে উদ্ধার করা হয় পেতে রাখা ২০০ ফুট হরিণ শিকারের ফাঁদ।
তিনি আরও জানান, আটক ব্যক্তিরা মূলত হরিণ শিকারি। মাছ ধরার আড়ালে হরিণ শিকার করা তাদের মূল পেশা। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে শনিবার বিকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বনে অপরাধ দমনে নিয়মিত টহল জোরদার করা হয়েছে বলেও জানান বন কর্মকর্তা আসাদুজ্জামান।


