চট্টগ্রামে অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযান, ২০ লাখ টাকা জরিমানা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরের অনুমোদনহীন ভবন ও নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

রোববার নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তিনটি ভবন সিলগালা এবং পাঁচটি ভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সিডিএ সূত্র জানায়, নগরের কোতোয়ালি, খলিফাপট্টি, আবেদিন কলোনি, চকবাজার কিচেন মার্কেট ও পাহাড়তলীর বিটাক এলাকায় সাতটি ভবন পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদিত নকশার বাইরে নির্মিত ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। পাশাপাশি ভবনমালিকদের ভবিষ্যতে সিডিএর অনুমোদিত নকশা অনুসরণ করে নির্মাণকাজ চালানোর লিখিত অঙ্গীকারনামা দিতে বলা হয়।

অভিযানে চকবাজারের আবেদিন কলোনিতে একটি ভবনে বড় ধরনের অনিয়ম ধরা পড়ে। আটতলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও সেখানে ১১ তলা ভবন নির্মাণ করা হয়েছে। পরিদর্শনের সময় ভবনটির মালিক বা কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

এ ছাড়া একটি অস্থায়ী নির্মাণকাজের বিদ্যুৎ মিটারের মাধ্যমে পুরো ভবনের বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল বলে জানতে পারেন পরিদর্শকেরা। ভবনটিতে করেকটি পরিবার বসবাস করায় মানবিক বিবেচনায় তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়নি। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সহায়তায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আরও পড়ুন

অভিযানে নেতৃত্ব দেন সিডিএর প্রধান বিশেষ মহানগর হাকিম ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মঞ্জুর হাসান। তিনি একই সঙ্গে সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ভবন নির্মাণ কমিটি-২-এর সভাপতি। অভিযানে আরও ছিলেন সিডিএর অথরাইজড অফিসার-২ তানজীব হোসেন।

অভিযান শেষে সাংবাদিকদের মো. মঞ্জুর হাসান বলেন, অনুমোদনহীন নির্মাণের বিরুদ্ধে সিডিএর অবস্থান কঠোর। এ ধরনের অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

তানজীব হোসেন বলেন, চট্টগ্রামকে পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। নগরের সব স্থাপনা আইন ও বিধিবিধানের আওতায় আনতে প্রতি মাসে দুই থেকে তিনটি বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

তিনি ভবনমালিকদের নির্মাণকাজ শুরুর আগে সিডিএর অনুমোদিত নকশা অনুসরণ নিশ্চিত করার আহ্বান জানান।

অভিযানে সিডিএর সহকারী অথরাইজড অফিসার মো. ইলিয়াস আখতার ও মো. হামিদুল হক, ভবন পরিদর্শক মো. তোফায়েল হোসেন, বিমান বড়ুয়া, আবু জাফর ইকবাল, গৌরাঙ্গ চন্দ্র পাল, জোবায়ের ইবনে আনোয়ার ও মো. সাইদুর রহমান এবং অফিস সহকারী মিঠু কুমার চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad