নোয়াখালীর সদর উপজেলায় কামাল উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি মো. আকাশ উদ্দিনকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা বলেন এসআরবি-১১ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ড।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা পূর্ব থানার আজমপুর কাঁচাবাজার এলাকা থেকে মামলার প্রধান আসামি অভিযুক্ত আকাশ উদ্দিনকে (২২) গ্রেপ্তার করে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য নিহত কামাল উদ্দিন পেশায় একজন দিনমজুর ছিলেন। পারিবারিক বিচ্ছেদের পর তিনি সদর উপজেল একটি মাদ্রাসার মাঠে রাতে অবস্থান করতেন। গত ১১ অক্টোবর রাতে তিনি সেখানে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে দশটার দিকে লোকজনের সমাগম কমে গেলে আসামিরা তার ওপর আক্রমণ চালায়।
পূর্বশত্রুতার জেরে আকাশ উদ্দিন ও তার সঙ্গীরা প্রথমে কামাল উদ্দিনকে লাঠি দিয়ে মারধর করে। একপর্যায়ে আকাশ উদ্দিন ধারালো ফোল্ডিং ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
এই ঘটনার পর নিহতের বড় ভাই মো. আব্দুল হক সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা অন্তর্ভুক্ত হওয়ার পর এসআরবি আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।


