গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক তরুণীকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. দুরুল হোদা বিকালে বিষয়টি নিশ্চিত করছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামের সৈকত (২৮) ও উল্লাসোনাতলা (হাজীপাড়া) গ্রামের মোহাম্মদ মুস্তাকিম (২০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে দশটার দিকে গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বোনারপাড়া এলাকায় পৌঁছালে সৈকতের সঙ্গে তার কথা হয়। সৈকত তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে। পরে একটি ভ্যানে করে তাকে হেলেঞ্চা এলাকার একটি পুরাতন ইট ভাটায় নিয়ে যান। এ সময় মুস্তাকিম নামে এক ব্যক্তিসহ দুই যুবক তাকে ধর্ষণ করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি জানান, এ বিষয়ে রোববার দুপুরে থানায় একটি ধর্ষণের মামলা করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী তরুণীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


