ঢাবির সিলেবাস হালনাগাদ ও ক্লাসে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ যুক্ত করার প্রস্তাব

ঢাবির সিলেবাস হালনাগাদ ও ক্লাসে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ যুক্ত করার প্রস্তাব
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঠ্যক্রম ও সিলেবাস ইন্ডাস্ট্রির চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে হালনাগাদ এবং পাঠদান কার্যক্রমে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার প্রস্তাব দিয়েছে ‘ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’ (ইউঅ্যান্ডআই)।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের কাছে এ-সংক্রান্ত একটি লিখিত প্রস্তাব জমা দেয় সেন্টারটির সভাপতি অধ্যাপক মো. মহিউদ্দিন।

শিক্ষার্থীদের যুগোপযোগী, বাস্তবমুখী ও বিশ্বমানের করে গড়ে তুলতে এবং ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মাঝে কার্যকর সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে উপাচার্যের কাছে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়।

প্রথম প্রস্তাবে বলা হয়েছে, প্রযুক্তি ও কর্মক্ষেত্রের চাহিদা দ্রুত পরিবর্তিত হওয়ায় প্রতি তিন বছর অন্তর বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও সিলেবাস পর্যালোচনা এবং হালনাগাদ করা প্রয়োজন। এই প্রক্রিয়ায় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিজ্ঞ পেশাজীবী ও কনসালট্যান্টদের যুক্ত করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন

দ্বিতীয় প্রস্তাবে পাঠদান কার্যক্রমে সরাসরি ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার কথা বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, প্রতিটি কোর্সে প্রতি সেমিস্টারে নির্দিষ্ট সংখ্যক ক্লাস সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের গেস্ট স্পিকার বা গেস্ট টিচার হিসেবে আমন্ত্রণ জানিয়ে পরিচালনা করা যেতে পারে।

উদাহরণ হিসেবে বলা হয়, কোনো কোর্সে ২৮টি ক্লাস থাকলে তার মধ্যে অন্তত ৪ থেকে ৬টি ক্লাস বিশেষজ্ঞদের মাধ্যমে নেওয়া যেতে পারে। এর ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করার বিষয়ে সরাসরি ধারণা লাভ করবেন এবং কর্মক্ষেত্রের বাস্তবতা সম্পর্কে তাদের ধারণা পরিষ্কার হবে।

তৃতীয় প্রস্তাবে প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে প্রতি সেমিস্টারে বা বর্ষে নির্দিষ্ট সময় অন্তর ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সেমিনার আয়োজনের কথা বলা হয়েছে। এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষেত্রের চাহিদা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং পেশাজীবীদের মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

উপাচার্যকে দেওয়া ওই চিঠিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে এবং বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে এসব প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে ‘ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’ একটি কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে সার্বিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad