রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নগরের জনবহুল ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর রাজশাহী ডিভিশন।
‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার ২.০’-এর আওতায় সম্প্রতি ‘পরিবেশ পরিচ্ছন্নতা’ শীর্ষক এ কার্যক্রমে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ৮ অক্টোবর বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবী। এ সময় শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১৫ প্রজাতির ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়।
গত ৯ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে স্বেচ্ছাসেবীদের সমবেত করার মধ্য দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

স্বেচ্ছাসেবীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা, প্যারিস রোড, আমচত্বর ও জোহা চত্বরসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরে তারা নগরের জনবহুল ফুলতলা এলাকায় গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালান।
এর আগে গত ৮ অক্টোবর বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার ২.০’-এর প্রথম কার্যক্রম হিসেবে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থীকে রং ও আর্ট পেপার উপহার দেওয়া হয়। ‘আমি আমার পরিবেশকে কেমন দেখতে চাই’ শীর্ষক কার্যক্রমে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা লিখে সবার সামনে পড়ে শোনায়।
বৃক্ষরোপণ পার্টনার চন্দ্রকলি ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১৫ প্রজাতির ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়। এসব চারার মধ্যে ছিল বাতাবিলেবু, তেঁতুল, জলপাই, আমড়া, কাঁঠাল, আতাফল, কামরাঙা ও কদবেলসহ বিভিন্ন ফলদ গাছ।


