কুড়িগ্রাম সদর উপজেলায় একটি পারিবারিক মন্দিরের তালা ভেঙে বিভিন্ন ধাতুর তৈরি মূর্তি ও পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রোববার রাত সোয়া ৮টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার মূর্তি, গোপাল মূর্তি, কাঁসার ঘটি ও ঘণ্টাসহ বিভিন্ন পূজার সামগ্রী। দুর্বৃত্তরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে এসব সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম দয়ারচর এলাকার মো. জলিল (২৩), মো. জুয়েল (২১), আপেল (২৪) ও আশিকুর রহমান (২২)।
হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশকে খবর দেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত করে সন্দেহভাজনদের আটক করে নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মূর্তি চুরির ঘটনায় সারারাত অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


