জামালপুরের বকশীগঞ্জে লোকালয়ে ঢুকে একটি শেয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে পৌরসভার ধুমালীপাড়া ও পাশের মেষেরচর গ্রামে এ ঘটনা ঘটে। শেয়ালের আক্রমণে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহত ব্যক্তিরা হলেন ধুমালীপাড়া গ্রামের আসাদুল (৪০), তার সাত বছর বয়সী মেয়ে মনিরা, হারুন মিয়া (৫০), নূরেদা (৩৫), ছামিউল হক, তার দুই সন্তান আবু হুরায়রা ও আব্দুল মান্নান। অন্যদিকে মেষেরচর গ্রামের শিশু রাব্বি হাসান (৬) ও ফরিদা (২০) আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ তামিম জানান, শেয়ালের কামড়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, দুপুর আড়াইটার দিকে ধুমালীপাড়া গ্রামের আসাদুলের বাড়ির আঙিনায় হঠাৎ শেয়ালটি ঢুকে পড়ে। প্রথমে এটি আসাদুল ও তার মেয়ে মনিরাকে কামড়ায়। পরে লোকালয় ও আশপাশের রাস্তায় চলাচলকারী মানুষের ওপর হামলা চালিয়ে আরও কয়েকজনকে আহত করে।
দিনের বেলায় বসতবাড়ি ও লোকালয়ে শেয়ালের এমন আক্রমণে ধুমালীপাড়া, মেষেরচরসহ আশপাশের গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন। শেয়ালের উপদ্রব ঠেকাতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।


