শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরাতে চান চুয়েটের নতুন ভিসি

শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরাতে চান চুয়েটের নতুন ভিসি
চুয়েটের নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দ্রুত নিয়মিত পাঠদান চালু, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আস্থার সংকট নিরসন এবং বিগত দিনের ক্লাসের ক্ষতি পুষিয়ে নিতে ‘একাডেমিক রিকভারি প্ল্যান’ প্রণয়নের উদ্যোগ নিয়েছেন নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলম।

নিয়োগ পাওয়ায় ২১ দিন পর সোমবার সকালে ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক কার্যক্রম শুরু করেন তিনি। দায়িত্ব গ্রহণের পরপরই অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করেন নতুন উপাচার্য। দ্রুত একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করাকে নিজের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় সংকট কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন।

ভিসি অফিসে সাংবাদিকদের উপাচার্য জানান, গত তিন সপ্তাহে শিক্ষার্থীদের প্রায় ১৪ থেকে ১৫ কর্মদিবসের ক্লাস ব্যাহত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সুনির্দিষ্ট পরিকল্পনা করা হবে। প্রাথমিক আলোচনায় সেমিস্টার বা টার্ম বিরতি কমানো এবং দ্রুত ফলাফল প্রকাশের মাধ্যমে একাডেমিক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়টি উঠে এসেছে। বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই ক্লাস শুরুর নতুন সময়সূচি শিক্ষার্থীদের জানানো হবে।

সোমবার সকাল ৮টা ৫৯ মিনিটে ক্যাম্পাসে পৌঁছানোর পর উপাচার্য বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ডিনের মধ্যে তিনজন ছুটিতে, একজন শহরে এবং অন্যজন ক্যাম্পাসে ছিলেন বলে জানান তিনি। ছাত্রকল্যাণ পরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনায় গুরুত্ব

শিক্ষার্থীদের আন্দোলন ও দাবিদাওয়া প্রসঙ্গে উপাচার্য জানান, তিনি নিজেও চুয়েটের সাবেক শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীরা তার ছোট ভাইয়ের মতো। তাই তাদের সঙ্গে খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান তিনি।

উপাচার্যের মতে, বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ আস্থার সংকট। এ সংকট দূর করতে পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার বিকল্প নেই। শিক্ষার্থীদের দাবি তুলে ধরার অধিকার রয়েছে এবং প্রশাসনের দায়িত্ব সেগুলো মনোযোগ দিয়ে শোনা।

আরও পড়ুন

শেখ শরীফুল আলম জানান, শিক্ষক ও ছাত্রকল্যাণ পরিচালকের সংশ্লিষ্ট দলকে সঙ্গে নিয়ে দ্রুত শিক্ষার্থীদের মুখোমুখি বসে আলোচনা করবেন। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো তার এখতিয়ারভুক্ত হলে সেগুলো সমাধানের উদ্যোগ নেবেন। আর যেসব বিষয় তার এখতিয়ারের বাইরে, সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

উপাচার্য আরও জানান, গত সাত দিন ধরে ২৪তম ও ২৫তম ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস শুরুর বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করে উদ্বেগ জানিয়েছেন। একইভাবে ২৩তম ব্যাচের শিক্ষার্থীরাও ক্লাস প্রতিনিধিদের মাধ্যমে লিখিতভাবে পাঠদানে ফেরার আগ্রহ জানিয়েছেন। শিক্ষার্থীদের এই আগ্রহকে কাজে লাগিয়ে দ্রুত স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনতে চান তিনি।

পেশাদারত্ব ও পারস্পরিক সহযোগিতার আহ্বান

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল ও পেশাদার আচরণের ওপর গুরুত্ব দিয়েছেন নতুন উপাচার্য। প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শেখ শরীফুল আলম।

এ প্রসঙ্গে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের প্রধান অধ্যাপক সায়েমের দক্ষতা ও গবেষণার প্রশংসা করেন উপাচার্য। তার সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সকালে ফোন ও মেসেজের মাধ্যমে তাকেও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছি।’

সবার সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা নিশ্চিত করা গেলে চুয়েটের চলমান অচলাবস্থা কাটিয়ে দ্রুত পাঠদান শুরু করা সম্ভব হবে বলে আশা করেন শেখ শরীফুল। তার প্রত্যাশা, আলোচনা, পারস্পরিক আস্থা এবং পরিকল্পিত একাডেমিক কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় আবারও স্বাভাবিক গতিতে ফিরবে।

এদিকে চুয়েটে নতুন ভিসির ক্যাম্পাসে প্রবেশকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুপুর ১২ টার মধ্যে ভিসিকে কার্যালয়  ত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য ভবনের ভেতরের ফটকে তালা লাগিয়ে দেন আন্দোলনরতরা। এ সময় বিক্ষুব্ধরা ‘তালা, তালা, তালা হবে, ভিসি ভবন তালা হবে’, ‘প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’ সহ বিভিন্ন স্লোগান দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad